ই-পাসপোর্ট : দ্বিতীয় দফায় ১৬ মাস সময় পেলো ভেরিডোস
জার্মানির ভেরিডোস কোম্পানির সঙ্গে ‘টার্ন কি’ পদ্ধতিতে ই-পাসপোর্ট প্রদান করছে বাংলাদেশ। এই কাজ বাস্তবায়নে দ্বিতীয় দফায় প্রতিষ্ঠানটিকে আরো ১৬ মাস সময় দিয়েছে সরকার। সেই লক্ষ্যে বুধবার ভেরিডোস-এর সঙ্গে ‘ই-পাসপোর্ট প্রবর্তন ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নে সংস্থাটিকে প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য পরিশোধ করতে হবে ৮৮ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৭৭৪ টাকা।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে েএই তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ।
প্রসঙ্গত, ‘বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। ২০১৮ সালের ২১ জুন একনেক সভায় ১০ বছর মেয়াদে (২০১৮ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন) প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ৪ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা। এরমধ্যে ৩ হাজার ৪০৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে জি-টু-জি পদ্ধতিতে জার্মানির ভেরিডস জিএমবি এইচ এর সঙ্গে ২০১৮ সালে মূল চুক্তি এবং পরবর্তীকালে ২০২২ সালে প্রথম সংশোধিত চুক্তি সই হয়। মূল চুক্তি অনুযায়ী সংস্থাটি প্রকল্পে দুই বছর মেয়াদি অপারেশন সাপোর্ট দেওয়ার জন্য চুক্তিবদ্ধ।





